আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের দিন ঠিক করা হয়েছে। আগামী তিন ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম একাত্তরকে এই তথ্য জানিয়েছেন।
ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।
পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের চার জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জয়-লেখক।
এদিকে ২৬ নভেম্বর মহিলা লীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা যায়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, এই তিনটি সম্মেলনই হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি সম্মেলনেই উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: বিএনপিকে আন্দোলনে বাধা দিতে মানা করেছেন প্রধানমন্ত্রী: কাদের
২০০৪ সালের ৫ মার্চ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ২০১৭ সালের ১৭ মার্চে সংগঠনটির দ্বিতীয় ও সবশেষ জাতীয় সম্মেলনে সভাপতি পদে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে অপু উকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন।
আর সহযোগী আরেক সংগঠন মহিলা আওয়ামী লীগের সবশেষ জাতীয় সম্মেলন হয় ২০১৭ সালের ৪ মার্চ। এতে সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।
একাত্তর/এসি
