গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন জনসমুদ্রের সমাবেশে পরিণত হয়েছে। আর বিএনপি সিলেটে পাঁচ জেলার মানুষ নিয়ে জমাতে পারেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি সপ্তাহ ব্যাপী সমাবেশ আয়োজন করেও লোক সমাগম হয়না। আর আওয়ামী লীগের সম্মেলন জন সমুদ্রে পরিনত হয়। কারণ জনগণ উন্নয়নের পক্ষে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি এখন দিনের আলোতে অমাবস্যা দেখে, পূর্ণিমার রাতেও অমাবস্যা দেখে। তারা দেশের উন্নয়ন দেখে না।
সিলেটে বিএনপির সমাবেশ নিয়ে করা এক মন্তব্যে কাদের বলেন, সিলেটে জনতার ঢেউ নেই, সেখানে আছে সুরমার ঢেউ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন বলে আমাদের নিরাপদে প্রস্থান নিতে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় নিতে। কোন মুখে তারা এমন কথা বলে! তারাতো আন্দোলন করতেই জানে না। তারা মুখে দেশনেত্রী বলে ফেনা তোলে অথচ নেত্রীর জন্য একটি মিছিলও করতে পারে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বর বিজয়ের মাস, তারা যদি মাঠে নামে তাহলে রাজপথে খেলা হবে। তারা শেখ হাসিনাকেও সম্মান করতে জানে না। শেখ হাসিনাকে হাসিনা বলে ডাকে অথচ শেখ হাসিনা দয়া করে তাদের নেত্রীকে দণ্ডিত হওয়া সত্ত্বেও বাড়িতে থাকতে দিয়েছে।
সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, বিএনপি জামাত দেশের শান্তি নষ্ট করতে আবারও ষড়যন্ত্র করেছে।
আরও পড়ুন: যে রিজার্ভ আছে, তা দিয়ে আরও পাঁচ মাস চলবে: প্রধানমন্ত্রী
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে সম্মেলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমানা আলী টুসি, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ বক্তব্য দেন।
প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগ শাখার এটিই প্রথম কোনো সম্মেলন। সকাল থেকেই নেতাকর্মীতে পূর্ণঢাক ঢোলের বাদ্যে আর বর্ণিল সাজে। আসতে থাকে একের পর এক মিছিল।
সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান ও আতাউল্লা মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
একাত্তর/এসি
