নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট রাস্তায় মালবাহী ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।
বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সাজেদা বেগম (৪৫)। দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ঢামেকে মারা যান তিনি।
আহতরা হলেন- নিহত সাজেদার তিন মেয়ে কহিনুর (১১), আমেনা বিবি (৭), মায়েশা আক্তার (৩) ও স্বামী আ. করিম (৫০)।
অপর দুই যাত্রী জুলেখা বেগম (৪৫) তার নাতি রাব্বি (১০) এবং সিএনজি চালক তানহা হাসান (২৬)।
নিহতের স্বামী দিনমজুর আব্দুল করিম জানান, তারা বনানীর কড়াইল বেদে বস্তিতে পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রী সাজেদা পাথর ভাঙার কাজ করতেন। আজ সকাল সাড়ে ৫টার দিকে স্বামী-স্ত্রী এবং তিন মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পাইকচর গ্রামে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা যোগে রওনা হন তারা। ঐ সিএনজিতে তাদের পরিবারের সাথে আরো দুইজন ছিলো একই এলাকার যাত্রী।
তিনি জানান, ওই দুই যাত্রী সামনে এবং আব্দুল করিম তার স্ত্রী সাজেদা বেগম এবং মেয়েরা পেছনে ছিলেন। পথে ৩শ’ ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় এরপর সেখানে থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আব্দুল করিম আরো জানান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী সাজেদাকে ২০৪ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১২টায় দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, আহতদের মধ্যে রাব্বির অবস্থা গুরুতর।
দুর্ঘটনায় আহতদের উদ্ধারকারী পথচারী মো. হানিফ জানান, সিএনজি অটোরিকশাটি তিনশ ফিট দিয়ে রূপগঞ্জের ভুলতার দিকে যাওয়ার সময় রং সাইট দিয়ে আশা একটি মালবাহী ট্রলি গাড়ি সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি উল্টে যাত্রীসহ চালক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন: ‘ব্যাংকে টাকা নেই’ গুজব ছড়ানো সেই পিয়ন গ্রেপ্তার
এদিকে পুলিশ জানায়, দুর্ঘটনায় কবলিত সিএনজি অটোরিকশা ও ঘাতক গাড়িটিকে জব্দ করা হয়েছে।
একাত্তর/আরএ
