জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নতুন ঘোষিত এই কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. তানিম ওয়াহিদ।
সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
এক বছর মেয়াদের জন্য অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তরের নতুন সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন।
পরবর্তীতে তিনি ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠক এবং ঢাকা মহানগর সার্চ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় ছাত্রশক্তির রূপরেখা ও আত্মপ্রকাশের পর থেকে তিনি সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদ পাওয়া তানিম ওয়াহিদ জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সব দিনে রাজধানীর বনানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
রাজপথের আন্দোলনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁদের হাতেই জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তরের নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা হলো।
