রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত পৌনে নয়টার সময় আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আজিজুল বেপারী ও হোগলাডাঙ্গী গ্রামের মিজান শেখ।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আজিজুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির গরুর ঘর থেকে ওই দুই মাদক ব্যবসায়ী পালানো চেষ্টা করে।
আরও পড়ুন: ডাম্প ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত এক
তাদেরকে হাতেনাতে আটক করার পর গরুঘরে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ও একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত তিন লাখ ৮২ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
একাত্তর/এসজে
