ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারে ধাক্কা দিলে পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা ১০মিনিটে ধলেশ্বরী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে বজলুর রহমান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও দুই জনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শরিয়তপুরের শিবচর থেকে আসা একটি প্রাইভেটকার ধলেশ্বরী টোল প্লাজায় টোল দিচ্ছিলো। এসময় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং কারে থাকা চারজন এবং বাসে থাকা এক যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: দুই হাজার মিটার অবৈধ জালসহ আট জেলে আটক
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনা কবলিত যান দুইটি আটক করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।
একাত্তর/জো
