মেট্রোরেল নির্মাণের কারণে পূর্বাচলের নতুন আট লেন সড়কটির আংশিক ক্ষতি হবে। এতে যান চলাচলে কিছুটা সমস্যা হলেও বড় ঝামেলা হবে না বলে দাবি করছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ নুরী।
তিনি জানান, পূর্বাচল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করেই সেখানে মেট্রোরেলের এমআরটি লাইন ওয়ান নির্মাণের পরিকল্পনা হয়েছে। প্রকল্পের কাজের জন্য পূর্বাচল হাইওয়ের তেমন ক্ষতি হবে না। যে কোনো কাজ করতে গেলেই কিছু সমস্যা হয়।
রাজধানীর কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক আট লেনের পূর্বাচল সড়ক চলতি বছরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজও এখন প্রায় শেষের দিকে।
এদিকে, রূপপুরের পিতলগঞ্জে শুরু হয়েছে এমআরটি-১ প্রকল্পের ডিপো এলাকার ভূমি উন্নয়নের কাজ। যা এই সড়কের ওপর দিয়ে নতুনবাজারে এসে পাতাল পথে ঢুকে যাবে। উড়াল পথের এই অংশে হবে মেট্রোর সাতটি স্টেশন। যার জন্য চলবে দীর্ঘ কর্মযজ্ঞ।
তাই প্রশ্ন উঠেছে উদ্বোধন হতে না হতেই পূর্বাচলের নতুন সড়কটি ভাঙা পড়বে কি-না। রোববার সকালে, রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠান শেষে পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী বলেন, তেমন ক্ষতি হবে না।
তিনি বলেন, এমআরটি লাইন ওয়ানের সঙ্গে সমন্বয় করেই পূর্বাচলের এই সড়কটি করা হয়েছে। মাঝের ডিভাইডারে রাখা হয়েছে চার মিটার জায়গা, যাতে মেট্রোরেলের পিলার বসাতে গিয়ে সড়কের কোন ক্ষতি না হয়। কিছু অংশ ভাঙা পড়তে পারে।
এই কর্মযজ্ঞের আওতায় পড়বে সড়কটির বেশ কটি সেতু, আন্ডারপাস ও গ্রেড ইন্টারসেকশন। এসব স্থাপনা ঠিক রেখে কিভাবে চলবে এতো বড় নির্মাণ কাজ, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, কতটুকু ক্ষতি হবে তার স্টাডি করেছি। এক্ষেত্রে তিনশ’ ফিট সড়কের তেমন ক্ষতি হবে না। সামান্য ক্ষতি হবে। এতে রাস্তার বিশাল ক্ষতি হবে এটা বলা যাবে না।
আরও পড়ুন: নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী
সচিব আরো বলেন, সড়কের ১২টি আন্ডারপাসের মধ্যে বেশ কতগুলো ভাঙা পড়বে। মিনিমাম অংশে ক্ষতি হবে। তবে শতভাগ অক্ষত রাখা যাবে না। এমন তো নয় যে, মেট্রোরেল আকাশ দিয়ে যাচ্ছে। কাজ শুরু হলেই দেখা যাবে কতটা ভাঙা হবে। এনিয়ে আবারও আলোচনা হবে।
একাত্তর/আরএ
