চাঁপাইনবাবগঞ্জে রাজধানীর কাকরাইল থেকে অপহৃত এক তরুণকে অপহরণের চারদিন পর ৯৯৯-এ ফোন পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় বাজারের রাস্তার পাশে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে জরুরী সেবার নম্বরে কল করে জানান স্থানীয়রা। এরপর শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
জানা গেছে, উদ্ধারকৃত তরুণ ওমর ফারুক আব্দুল্লাহ (২৫) পিরোজপুরের সাতকানিয়া উপজেলার বাসিন্দা এবং রাজধানীর বনশ্রী এলাকায় বসবাস করেন।
স্থানীয়রা জানান, রাত ১০ টার দিকে মুসলিমপুর বাজারের রাস্তার পাশে হাত-পা ও চোখ কালো কাপড় দিয়ে বাঁধা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এসময় বার বার পানি খেতে চাচ্ছিলেন তিনি। পরে জরুরী সেবার নম্বরে ফোন করে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: পাবনা থেকে অপহৃত ব্যক্তি গোয়ালন্দের পদ্মার চর থেকে উদ্ধার
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ৯৯৯ নম্বরের ফোনের মাধ্যমে খবর পেয়ে অপহৃত ওই তরুণকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে চাঁপাইনবাবগঞ্জে থাকা তার এক আত্মীয়ের কাছে ওই তরুণকে হস্তান্তর করা হয়েছে। তিনি গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইল থেকে অপহরণের শিকার হন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
একাত্তর/জো
