নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮টি ককটেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার সরকারী মুড়াপাড়া কলেজের সামনের সড়কে যাত্রী ছাউনির পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) আতাউর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো মো. জয়নাল আবেদীন রাজু, মো. রিয়াজ আহমেদ, আক্তারুজ্জামান ফারুকী ও আবুল বাশার।
ওসি জানান, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার সরকারী মুড়াপাড়া কলেজের সামনে সড়কের যাত্রী ছাউনির দক্ষিণ পাশে সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে কয়েকজন লোক বিপুল পরিমাণের ককটেল নিয়ে অবস্থান নিয়েছে জানতে পেরে স্থানীয় লোকজন তাহাদেরকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলে লোকজন অবিস্ফোরিত ৮টি ককটেলসহ অভিযুক্তদের পুলিশে সোপর্দ করে।
পুলিশ রাতে বোম্ব ডিস্পোজাল ইউনিটকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
আরও পড়ুন: গাজীপুরে বিদেশি পিস্তল ও মাদকসহ তরুণ গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরএ
