দেশের পাঁচটি সিটি করপোরেশন গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রতিটি নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা রাখাসহ ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট ব্যালটে
সচিব জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে। খুলনা ও বরিশাল সিটির ভোট হবে ১২ জুন। আর রাজশাহী ও সিলেটে ভোটগ্রহণ করা হবে ২১ জুন।
ইসি কর্মকর্তা জানিয়েছেন, গাজীপুর সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর।
রাজশাহী সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। আর খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। এই দুই সিটিতে নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ওই বছর ১১ অক্টোবর।
সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে একই বছর ৭ নভেম্বর।
এছাড়া, বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ওই বছর ১৪ নভেম্বর।
একাত্তর/এসি
