দক্ষিণ চীন সাগরে নিজদের দাপট ধরে রাখা চীনা নৌবাহিনীর অবস্থান পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার চীনের রাষ্ট্র পরিচালিত কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়েছে, শি বুধবার দক্ষিণের প্রদেশ গুয়াংদংয়ে গণমুক্তি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় নৌবাহিনী কমাণ্ড সফর করেছেন।
পরিদর্শনের সময় শি বলেছেন, জটিল পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক জবাব দেয়ার জন্য নৌবাহিনীর উচিত হবে নিজেদের সামর্থ্য জোরদার করে নেয়া।
এসময় চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব, সামুদ্রিক অধিকার, স্বার্থ রক্ষা ও সেই সাথে চারপাশের এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
সংবাদমাধ্যম এনএইকে বলছে, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার মালিকানা নিজদের বলে দাবি করেছে চীন এবং এসব এলাকায় সামরিক উপস্থিতি বৃদ্ধি করে চলেছে। সেখানকার বিতর্কিত ভূখণ্ড নিয়ে ম্যানিলার সাথে বেইজিংয়ের বিরোধ চলছে।
ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু করা অবস্থায় এই মন্তব্য শি করেন।
আরও পড়ুন: অবৈধ সম্পদ: তারেক-জোবায়দার বিচার শুরুর আদেশ
এর আগে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শেষ হওয়ার পর দিনই সর্বকালের বৃহত্তম যৌথ সামরিক মহড়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। বার্ষিক বালিকাতান নামক এ মহড়া ফিলিপাইনের ইসাবেলা, কাগায়ান ও পালাওয়ান প্রদেশের আশপাশে পরিচালিত হুছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
দুই সপ্তাহের এই বালিকাতান মহড়ার মধ্যেই শি -এর চীনা নৌ বাহিনীর অবস্থান পরিদর্শনকে ভিন্নভাবে দেখছেন বিশ্লেষকরা।
একাত্তর/আরবিএস
