আটদিন আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরী বিভাগে ফেলে যাওয়া মরদেহের পরিচয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সনাক্ত করা হয়েছে। মর্গে পড়ে থাকা মরদেহটির দায়িত্ব নিয়েছে শাহবাগ থানা পুলিশ।
বুধবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মরদেহটি ঢামেকের মর্গে রয়েছে।
জানা গেছে, নিহতের নাম মো. আসলাম। তিনি ফরিদপুর সদরপুরের কালাম মিয়ার ছেলে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গত ১৮ এপ্রিল দুপুরে জনৈক এক ব্যক্তি মো. আসলামকে আহত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেখান থেকে কেটে পরেন তিনি।
এর আগে হাসপাতালে ঐ লোক বলেছিলেন নিহতের নাম মাসুদ, তিনি গাবতলী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে বিষয়টি দারুসসালাম থানাকে অবিহিত করা হলে তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করতে পারেনি। সেই থেকে মরদেহটি ঢামেক মর্গে ছিল।
পরে কেউ মরদেহটির দায়িত্ব না নেয়ায় শাহবাগ পুলিশ দায়িত্ব নেয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
আরও পড়ুন: দেশে নতুন করে বাড়ছে যক্ষ্মা আক্রান্ত রোগী
তিনি জানান, নিহতের পরিচয় নির্ণয়ের জন্য শাহবাগ থানা পুলিশ মঙ্গলবার সিআইডির ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট নেয়। সেখান থেকে তার পরিচয় সনাক্ত করা হয়।
তিনি বলেন, কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
একাত্তর/এসজে
