ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো-এনএবি এর আবেদনের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। এরই মধ্যে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে ইমরান খানকে।
এদিকে, তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ কর্মীরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তরে ঢুকে পড়ে এবং লাহোরে একজন উর্ধ্বতন সেনা কর্মকর্তার বাসায় হামলা চালায়। পুলিশের সাথে সংঘর্ষে পেশোয়ারে কমপক্ষে চার জন মারা গেছে। আহত হয়েছে আরও ২৫ জন।

পিটিআই নেতা ইমরান খানকে গ্রেফতারের পর দেশজুড়ে যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে অন্তত দুটি প্রদেশে সেনাবাহিনী তলব করা হয়েছে। পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাঞ্জাব প্রাদেশিক সরকার এবং সামরিক কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করবে কত সেনা সেখানে মোতায়েন করা হবে।
এর আগে পাঞ্জাবের প্রাদেশিক সরকার সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠায়। এতে লাহোর, মুলতান, রাওয়ালপিন্ডি, ফয়সলাবাদ এবং অন্যান্য জেলা শহরে সেনা মোতায়েনের কথা বলা হয়।

খাইবার পাখতুনখোয়া প্রদেশেও সেনা ডাকা হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ জানান, পেশাওয়ারের বিভিন্ন জায়গায় সহিংস বিক্ষোভ চলার সময় অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতারের একদিন পর, এবার বহুল আলোচিত তোষাখানা মামলায় ইমরান খানকে এবার দোষী সাব্যস্ত করা হয়েছে। অতিরিক্ত ও জেলা দায়রা বিচারক হুমায়ুন দিলাওয়ার তোশাখানা মামলার শুনানি শেষে ইমরানকে অভিযুক্ত করে রায় দেন।
একই দিনে, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে তোলা হয়। এ সময় ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার থেকেই মাঠে নামেন তাঁর সমর্থকরা। রাস্তায় রাস্তায় শুরু হয়েছে পিটিআই কর্মীদের বিক্ষোভ। রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচিসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষও শুরু হয়।

বুধবার পেশাওয়ারে দলে দলে মানুষ রাস্তায় নেমে আসছে প্রতিবাদ করার জন্য। ইসলামাবাদের রাস্তায় শতশত বিক্ষোভকারী রাজধানী থেকে বের হওয়া ও ঢোকার প্রধান মহাসড়কটি অবরোধ করে রেখেছিলো। পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ছুঁড়েছে।
এছাড়া রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তর ও লাহোরে সেনাবাহিনী কর্পস কমান্ডারের বাসভবনে হামলা চালিয়েছে ইমরান খানের সমর্থকরা ইসসলামাবাদে এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। ইমরান খান মুক্তি না পাওয়া পর্যন্ত সমর্থকরা রাস্তায় থাকবে বলে জানিয়েছে পিটিআই।

মানুষ রাস্তার সাইন উপড়ে ফেলেছে এবং রাস্তার ওপর দিয়ে চলাচলের ব্রিজ ভেঙে ফেলেছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে এবং পাথর ছুঁড়েছে। ইমরান খানের সমর্থকরা বেশ কিছু শহরে সুরক্ষিত সেনা ছাউনির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে বলে খবর পাওয়া গেছে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের তীব্র নিন্দা করে বুধবার দেশব্যাপী ধর্মঘটের ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির নেতা শাহ মাহমুদ কোরেশি বলেন, ইমরান খানকে গ্রেপ্তার বেআইনি, রাজনৈতিক নিয়মের পরিপন্থী। এটি একটি বিশেষ পরিকল্পনার অধীনে করা হয়েছে।
ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদ হয়েছে পাকিস্তানের বাইরেও। লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ়শরীফের বাড়ির সামনে বিক্ষোভ করে ইমরানের সমর্থকেরা।

মঙ্গলবার ইসলামাবাদ স্থানীয় সময় দুপুর দুইটায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানকে দুর্নীতির এক মামলায় গ্রেফতার করা হয়। এনএবির এক বিবৃতিতে বলা হয়েছে, অনুসন্ধান ও তদন্তের মতো আইনী প্রক্রিয়া অনুসরণ করেই আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।
একাত্তর/এআর
