ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্থল বালেশ্বরে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালেও যেতে পারেন তিনি।
হেলিকপ্টারে চেপে ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ১০টায় হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড থেকে রওনা হন তিনি।
শনিবার দুর্ঘটনাস্থলেই মোদি জরুরি বৈঠক করবেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছে বলেন, বর্তমানে আমাদের মনোযোগ ত্রাণ ও উদ্ধার অভিযানে। ছাড়পত্র পেলেই মেরামতের কাজ শুরু হবে। কিছু মৃতদেহ এখনও অনেক ট্রেনের বগিতে আটকে আছে, যা বের করার চেষ্টা চলছে।
শুক্রবার সন্ধ্যায় বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে প্রায় একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৯ শতাধিক মানুষ।
ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার কারণে শনিবার রাজ্যজুড়ে শোক পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে টুইট করে দুঃখপ্রকাশ করেন তিনি। কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে।
একাত্তর/এসজে
