কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৪ ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র মো. তানভীরের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে কুমারখালীর মাস-উদ-রুমী সেতু (মীর মশাররফ সেতু) এবং রেল সেতুর মধ্যবর্তী স্থান থেকে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: জানে আলম জানান, আজ সকাল থেকে উদ্ধার অভিযান চলছিল এরই এক পর্যায়ে বেলা ১১টার কিছুক্ষণ পর নিখোঁজ তানভীরের মরদেহ ব্রীজের পাশে ভেসে উঠলে আমরা তার মরদেহটি উদ্ধার করি।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন রেলব্রীজের নিচে পাঁচ বন্ধু নদীতে গোসল করতে নামেন। এসময় নদীর প্রবল স্রোতে তিন জন তলিয়ে যান। পরে সবাই নিরাপদে তীরে ফিরলেও নিখোঁজ হন তানভীর।

আরও পড়ুন: ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, হাতেনাতে আটক এক
এরপর থেকে কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং খুলনা ডুবুরি দলের পাঁচ সদস্যের একটি টিম তানভীরকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল।
তানভীরের বাড়ি বরগুনা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
উল্লেখ্য, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মাইক্রোবাসযোগে মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে দুপুরে যান কুষ্টিয়া সার্কিট হাউসে। পরে লালন শাহের মাজার ঘুরে রওনা দেন শিলাইদহ কুঠিবাড়ির উদ্দেশে। পথিমধ্যে কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে নামেন তারা।
একাত্তর/আরবিএস
