জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানী নাদিম নিহতের ঘটনায় কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটি বলছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক। এ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব ছায়াতদন্ত করছে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৪ এ বিষয়ে আসামিদের ধরতে কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
বুধবার রাতে বকশীগঞ্জ বাজার থেকে নিলক্ষীয়ায় বাড়ি ফিরছিলেন একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক নাদিম। এসময় অতর্কিতভাবে ১০-১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: নাদিম হত্যায় দেশজুড়ে সাংবাদিকদের ক্ষোভ, দ্রুত বিচার দাবি
শুক্রবার সকাল ১০টায় উপজেলার বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নাদিমের। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
একাত্তর/আরএ
