উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে দেশের নদনদীর পানি বাড়ছে। তিস্তা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে সুরমা, যাদুকাটা, সোমেশ্বরী, পুরাতন সুরমা, কুশিয়ারাসহ সব নদনদীর পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে আছে। পানি নিয়ন্ত্রণে ৪৪টি স্লুইসগেট খুলে দিয়েছে তিস্তা ব্যারেজ।
নীলফামারীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে, তিস্তা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
লালমনিরহাটেও তিস্তা নদীতে পানি বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে পাহাড়ি ঢলে সুনামগঞ্জেও নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। সোমবার সকালে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৭ দশমিক ০৫ সেন্টিমিটার।
আরও পড়ুন: দেশের ১৯ অঞ্চলে ঝড়ো বৃষ্টির পূর্বাভাস
তবে, এর চেয়ে পানি বাড়লে ফসল ও মাছের ক্ষতি হবে বলে জানায় হাওরবাসী। জেলা প্রশাসক দিদারে আলম মকসুদ চৌধুরী জানান, নদ-নদীর পানি বাড়লেও তা বিপদসীমার নিচে আছে।
নেত্রকোনাতেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে বাড়ছে সোমেশ্বরী, কংস, ধলাই, মগড়াসহ বিভিন্ন নদ-নদীর পানি।
একাত্তর/এসজে
