পটুয়াখালীর কুয়াকাটার চরবিজয় সমুদ্র মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় কোস্টগার্ডের অভিযানে এক লাখ ২০ হাজার মিটার জাল ও ৪৫ কেজি মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতভর মৎস্য বিভাগের সহযোগিতায় কলাপাড়া কোস্টগার্ড নিজামপুর স্টেশনের কোস্টগার্ড সদস্যরা এ অভিযান চালায়।
কোস্টগার্ড সদস্যরা জানান, ইলিশসহ মাছের অভয়ারণ্য রক্ষায় সমুদ্রে ৬৫ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা হচ্ছে- এমন গোপন খবরের ভিত্তিতে চরবিজয় মোহনায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এসময় সমুদ্র থেকে মাছ আহরণের জন্য পাতা এক লাখ ২০ হাজার মিটার জাল ও ৪৫ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যায় জেলেরা।
আরও পড়ুন: সুনামগঞ্জে পানি বাড়লেও এখনও বিপৎসীমার নিচে
নিজামপুর স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান জানান, রাতেই উদ্ধার করা জাল কলাপাড়া মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ কর্মকর্তা আশিকুর রহমানের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে। আর জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
একাত্তর/জো
