কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাটিকাটা গর্তের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা জেলার মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের আট বছর বয়সী দুই যমজ ছেলে মো. হাসান (৮) ও মো. হোসেন (৮) এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ জানান, মাত্র এক বছর আগেই তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে তিনি শিশুদের নানার বাড়ি বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে তাদের বাড়ি করার ব্যবস্থা করেন। বাড়ি করার সময় জমির একপাশ থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। ১৫-২০ ফুট এই গর্ত অনেক গভীর দেখতে পুকুরের মতো। হাসান ও হোসেন হয়তো এই গর্তের পাশে খেলছিল। এসময় এক ভাই পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে যায়। এসময় দুজনেই ডুবে মারা যায়। পরে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবার ও স্থানীদের বরাতে মৃত্যুর কারণ জানা গেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/জো
