যেভাবে চাঁদের মাটিতে নামলো চন্দ্রযান-৩

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৮:২২ পিএম

ইতিহাস গড়ে চাঁদের মাটিতে নেমেছে ভারতের প্রথম চন্দ্রযান। আর এ ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন ভারতের মহাকাশ গবেষণা- ইসরোর বিজ্ঞানী তুষারকান্তি দাস। চন্দ্রযান অবতরণের পর পরই এই বিজ্ঞানির তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ভারতের আনন্দবাজার পত্রিকা। একাত্তরের পাঠকদের জন্য প্রতিবেদনটি হুবহু প্রকাশ করা হলো।

ঘড়ির কাঁটায় তখনও ৬টা বাজেনি। আমাদের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ক্রমশ নামছে। চাঁদের মাটির সঙ্গে দূরত্ব কমতে কমতে যখন আর দু’কিলোমিটার বাকি, না চাইতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। চার বছর আগে ঠিক এই পর্যায়ে এসেই তো থমকে গিয়েছিল আমাদের সব স্বপ্ন। ২.২ কিলোমিটার উচ্চতায় পৌঁছনোর পরেই ল্যান্ডার থেকে আর কোনও সিগন্যাল আসছিল না। চেষ্টা করেও লাভ হয়নি। চাঁদের বুকে ধাক্কা খেয়ে ভেঙে গিয়েছিল আমাদের যত্নে লালিত সেই ল্যান্ডার। সেই স্মৃতি যেন আমার অবচেতনে এখনও টাটকা ছিল। এ বার তাই সেই পর্যায়ে কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিলাম মনে মনে। কিন্তু সে সব অতীত। আমাদের বিক্রম (ল্যান্ডার) চাঁদে পা রেখেছে। আর দ্বিমত নেই। চাঁদের দক্ষিণ মেরুতে আমরাই ‘ফার্স্ট’।

এ এক অনন্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। দীর্ঘ দিনের পরিশ্রম, চিন্তা, চেষ্টা আর অনেক পরিকল্পনার যোগফল যেন আমাদের এই সাফল্য। আমি এবং আমার প্রত্যেক সহকর্মী এত দিন এই আনন্দভরা সন্ধ্যাটার জন্যেই তো অপেক্ষা করে ছিলাম! চাঁদের বুকে দেখতে চেয়েছিলাম ঠিক এমনই একটা ভোর। এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে পৃথিবীর আর কোনও দেশ যেতে পারেনি। রাশিয়া কিছু দিন আগে চেষ্টা করেছিল বটে, কিন্তু ওরা ব্যর্থ হয়েছে। আমরাই প্রথম চাঁদের ‘কুমেরু’ জয় করলাম।

image


চাঁদের উপরে ৩০ কিলোমিটারের কক্ষপথে আগেই পৌঁছে গিয়েছিল বিক্রম। আমাদের অফিস থেকে সারা ক্ষণ তার দিকে নজর রাখা হয়েছিল। কিন্তু প্রায় ৪ লক্ষ কিলোমিটার দূরে একটা যন্ত্র কোন পরিস্থিতির মুখে পড়বে, কী করবে, তার অধিকাংশই আর হাতে থাকে না। সকলে তাই ২৩ তারিখের জন্য অপেক্ষা করেছিলাম। দিন ঘনিয়ে এল। আমাদের উত্তেজনাও ধীরে ধীরে বাড়তে থাকল। বুধবার সকাল থেকে এখানে আমরা সবাই স্বাভাবিকই ছিলাম। কিন্তু একটু খেয়াল করলেই চারপাশে যেন চাপা একটা উত্তেজনা চোখে পড়ছিল। মুখে কেউ কিছুই বলছে না। অথচ, সকলের মধ্যে যেন একটা ‘কী হয়, কী হয়’ চাঞ্চল্য।

আমরা যে খুব দুশ্চিন্তায় ছিলাম, তা কিন্তু নয়। কারণ, এত দিন ধরে এত রকম ভাবে আমরা যে সাফল্যের প্রস্তুতি নিয়েছি, তার উপর ভরসা ছিল। অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। অনেক রকম প্রতিকূলতা কল্পনা করে আগে থেকে বিকল্প প্রস্তুত করে রেখেছি। সিস্টেমেও কোথাও কোনও ত্রুটি বা অস্বাভাবিকতা ধরা পড়েনি। ফলে আমাদের অভিযান যে সফল হবে, সে বিষয়ে আশাবাদী ছিলাম প্রথম থেকেই।

পৌনে ৬টা থেকে চাঁদের উপরের ৩০ কিলোমিটারের কক্ষপথ থেকে বিক্রমের ‘রাফ ব্রেকিং’ শুরু হল। প্রথমে ৭.৪ কিলোমিটারের কক্ষপথে এসে কিছুটা দম নিল ল্যান্ডার। ওই সময়ে দেখে নেওয়া হয়েছিল, সামনের পরিস্থিতি কতটা অনুকূল। নামতে নামতে ৮০০ মিটার উচ্চতায় এসে ‘রাফ ব্রেকিং’ সম্পূর্ণ হয়। এর পর ‘ফাইন ব্রেকিং’-এর পালা। এ সবই আসলে আমাদের আলোচনার সুবিধার্থে প্রচলিত ভাষা। ৮০০ মিটার থেকে ক্রমে ১৫০ মিটার, ৬০ মিটার হয়ে ১০ মিটার উচ্চতায় পৌঁছয় বিক্রম। ধাপে ধাপে তার গতি হ্রাস পেয়েছে। বিক্রমের মধ্যেকার ক্যামেরাগুলি প্রতি মুহূর্তে চাঁদের মাটিতে অপেক্ষাকৃত মসৃণ এলাকার সন্ধান করেছে। কোথাও কোনও সমস্যা হয়নি।

image


আসলে, বিক্রমকে ওখানে পাঠানোর আগে থেকেই আমরা চাঁদের দক্ষিণ মেরুর ২/৪ কিলোমিটার এলাকা স্ক্যান করে রেখেছিলাম। যেখানে গর্ত, খানাখন্দ আর পাথরের টুকরো তুলনামূলক কম ছিল। তাই অবতরণের সঠিক জায়গা খুঁজে নিতে বিক্রমের অসুবিধা হয়নি।

আরও পড়ুন: ইতিহাস গড়ে চাঁদের মাটিতে ভারত

চাঁদে এখন সবে ভোর হল। ভোরের আলো ফুটতে না ফুটতেই মাটিতে পা রাখল বিক্রম। তার দরজা খুলে গিয়ে পেটের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। এই যন্ত্রগুলির শক্তির উৎস সূর্যই। সৌরশক্তিতে কাজ করছে সব যন্ত্রপাতি। আপাতত আগামী ১৪ দিন চাঁদে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান। পৃথিবীর হিসাবে ১৪ দিন চাঁদে আসলে এক বেলা মাত্র। ১৪ দিন পরেই চাঁদের মাটিতে সূর্য ডুবে যাবে। সেই আঁধারে আমাদের চন্দ্রযানের ‘নটে গাছটিও যাবে মুড়িয়ে’। এখন ১৪টা দিন আমাদের অনেক অজানা তথ্য, জ্ঞান আহরণের পালা। নতুন আবিষ্কারের শিহরণে ভারতের তেরঙা উড়িয়ে অসীম সম্ভাবনাময় একটা দিন শুরু হল চাঁদের দেশে।


(লেখক তুষারকান্তি দাস। ইসরোর বিজ্ঞানী, চন্দ্রযান প্রকল্পের সঙ্গে যুক্ত)


একাত্তর/আরএ

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর