জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এ উন্নয়ন কর্মসূচির সফলতার জন্যই সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন বাংলার মানুষের ভালোবাসা।
শনিবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পীরগঞ্জ আওয়ামী ওলামালীগের সভাপতি রফিকুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম এবং রংপুর জেলার জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসান রাখেন। স্পিকার শিরীন শারমিন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মানুষের কল্যাণেই কাজ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পীরগঞ্জের ৯৫০ টি মসজিদ, দুই হাজার মাদ্রাসা ও এতিম খানায় সরকারি অনুদান প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে অনুদান প্রদানের ক্ষেত্রে এসব ধর্মীয় প্রতিষ্ঠান প্রাধান্য পাবে।
তিনি বলেন, পীরগঞ্জের অবশ্য প্রয়োজনীয় কাজগুলোর লিখিত তালিকা দেওয়া হলে, সেগুলো বাস্তবায়নে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
স্পিকার বলেন, কোন বিদেশি ফান্ড থেকে নয় বরং সরকারের রাজস্ব খাত থেকেই অসহায়-গরীব-দুঃখী ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ভাতা ও অর্থ সাহায্য প্রদান করা হচ্ছে। দেশের নয় লাখ ভূমিহীনকে একটি করে ঘর করে দেওয়া হচ্ছে এবং তা পীরগঞ্জেও দেয়া হয়েছে, যা সরকারের সফলতার উদাহরণ।
স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে স্পিকার বলেন, ৩৩০ জন মা-বোনকে সেলাই প্রশিক্ষণ প্রদান এবং ৩০জনকে আইটি প্রশিক্ষণ প্রদান একটি অসাধারণ উদ্যোগ। তিনি বলেন, মা-বোনেরা কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক সক্ষমতা অর্জন করতে পারে সে বিষয়ের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
পরে আইসিটি অধিদপ্তরের আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন শিরীন শারমিন। আইসিটি ও সেলাই প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী ও উপকারভোগীগণের মাঝে তিনি ৩০ জন আইটি ট্রেনিং নেওয়া প্রথম ১০ জনকে ১০ টি ল্যাপটপ ও ৩০০ জনকে সেলাই মেশিনও বিতরণ করেন।
এরপরে তিনি জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে পীরগঞ্জ উপজেলার সাতটি সেচ্ছাসেবক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেন।
এছাড়া তিনি পীরগঞ্জ উপজেলার অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে পাওয় ২৪টি হুইল চেয়ার বিতরণ করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদের মাঝে পরিবেশ বান্ধব চার হাজার গাছের চারা বিতরণ করেন।
