সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। পারস্য উপসাগরীয় এ দুই ক্ষমতাধর দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কয়েক মাসের মাথায় এমন প্রস্তাব দিলো তেহরান।
বৃহস্পতিবার সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এ প্রস্তাব দেন। খবর মিডিল ইস্ট মনিটরের।
এসময় দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে ভূমিকা এবং ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র জরুরি বৈঠক আয়োজনের জন্য রিয়াদের প্রশংসা করেন বাকেরি।
ইরানি কমান্ডার বলেন, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে এবং এ ক্ষেত্রে ইরান প্রস্তুত রয়েছে।
ফোনালাপে সৌদি প্রতিরক্ষামন্ত্রীও দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেন এবং ইরানের প্রস্তুতিকে স্বাগত জানান।
এসময় গাজার পাশাপাশি মধ্যপ্রাচ্যের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মধ্য আলোচনা হয়।
এর আগে চলতি বছরের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় প্রায় সাত বছর পর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐকমত্যে পৌঁছায় ইরান ও সৌদি আরব। এই চুক্তিতে চীনের সংশ্লিষ্টতার বিষয়টিই ওয়াশিংটনের জন্য উদ্বেগের। কারণ, সৌদি-ইরান এক হলে মধ্যপ্রাচ্য ও ইসরাইলে নিজের দাপট হারাতে পারে ওয়াশিংটন।
ইসরাইলি প্রেসিডেন্টকে দেখেই ইরানি প্রতিনিধিদলের সম্মেলন ত্যাগ
ন্যাটো নিয়ে সন্দেহ জেলেনস্কির