অবাধ ও সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশনের নির্দেশনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের সব ধরনের প্রশিক্ষণ আছে, লজিস্টিকস ও ইক্যুইপমেন্টসও আছে। সব জনবল নিয়ে প্রস্তুত আছি আমরা।
‘ইতোমধ্যে আমরা নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তী বিশেষ পরিকল্পনা নিয়েছি। তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নির্বাচন কমিশন থেকে আমাদের যেসব দায়িত্ব দেওয়া হচ্ছে, আমরা পালন করছি।’
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকারি, পুলিশ সব ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এর আগে সফলভাবে আমরা অনেক নির্বাচন সম্পন্ন করেছি। আগামীকেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল নির্বাচন আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে ৭ জানুয়ারি।
সিংহভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও তফসিল বয়কট করে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গোপন স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিভিন্ন হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণা করছেন।
আর গত ২৮ অক্টোবর থেকে চলা এই হরতাল অবরোধ কর্মসূচির নামে প্রায় ৩০০ যানবাহনে আগুন দেয়া হয়েছে।
পুলিশের প্রধান বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের গোয়েন্দা ভিত্তিক অপারেশন পরিচালিত হচ্ছে। আপনারা জানেন, বিচ্ছিন্নভাবে বিভিন্নস্থানে নাশকতা করা হচ্ছে।
আর পুলিশের সক্ষমতার সামনে নাশকতা কারীদের দাঁড়ানোর সাহস নেই বলেও মন্তব্য করেন তিনি।
ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব ঘুচে গেছে: তথ্যমন্ত্রী
ভোটের সময় ১৩ দিন মাঠে সেনাবাহিনী চায় ইসি
দুই ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে আবারও বাসে আগুন