অবশেষে পাবলিক ডোমেইনে প্রবেশ করলো জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার মিকি ও মিনি মাউস। ডিজনির কপিরাইটের মেয়াদ শেষ হওয়ার কারণে তাদের অনেকগুলো ছবিই বছরের শুরুর দিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মুক্ত হলো।
দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কার্টুন স্টুডিও। শতবছর পুরোনো এই প্রতিষ্ঠান সারা বিশ্বে জনপ্রিয়তা পায় মূলত তাদের আইকনিক মিকি ও মিনি মাউস ক্যারেক্টার দিয়েই। ১৯২৮ সালে প্রকাশিত ফিল্ম 'স্টিমবোট উইলি'তে মিকি এবং মিনিকে প্রথম প্রদর্শন করা হয়। এই ফিল্মের ব্যাপক জনপ্রিয়তা ডিজনির ভাগ্য পরিবর্তনের সাথে সাথে বিশ্বজোড়া অ্যানিমেশন কার্টুন ফিল্মের জগতেও ইতিহাস তৈরি করে।
ইউএস কপিরাইট আইন অনুযায়ী, কোন চরিত্রের কপিরাইট সত্ত্ব সর্বোচ্চ ৯৫ বছর ধরে রাখতে পারে মূল প্রতিষ্ঠান। সেই হিসাবে 'স্টিমবোট উইলি' এ বছরের পহেলা জানুয়ারি পাবলিক ডোমেইনে প্রবেশ করেছে। এর অর্থ হচ্ছে কার্টুনিস্টরা এখন মিকি এবং মিনির প্রথমতম সংস্করণ তাদের নিজেদের কাজে ব্যবহার করতে পারবে।
বার্তা সংস্থা বিবিসি জানাচ্ছে, এখন থেকে কার্টুনিস্টরা কোনো প্রকার খরচ ছাড়াই মিকি ও মিনি মাউজের পুরাতন সংস্করণগুলো ব্যবহার করতে পারবে। এই সংস্করণগুলো পুনঃব্যবহারে আর কোন আইনি জটিলতা থাকছে না।

এই খবরে অনেকে খুশি হলেও একটা 'কিন্তু' জুড়ে দিয়েছে ডিজনি। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, মিকির আধুনিক সংস্করণগুলো এখনও কপিরাইট আইনের আওতার মধ্যেই থাকছে, এবং এর সত্ত্ব রক্ষার কাজ অব্যাহত রাখবে ডিজনি।
নতুন বছরের প্রথম দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে মিকি এবং মিনির প্রথম সংস্করণগুলি প্রবেশ করলেও এমন ঘটনা এবারই প্রথম নয়। আগেও ডিজনি বেশ কয়েকবার তাদের আসল কার্টুনের কপিরাইট হারাতে বসেছিলো।
আইন অনুযায়ী ১৯৮৪ সালেই এই চরিত্রগুলো প্রথম পাবলিক ডোমেইনে যাওয়ার কথা ছিলো, কিন্তু ডিজনি বিষয়টি নিয়ে লেগে থাকে। পরে কংগ্রেসে এই কপিরাইটের মেয়াদ ২০ বছর বাড়ে, ২০০৪ সালে এই মেয়াদ শেষ হওয়ার আগেই আরও বিশ বছর বাড়ে কপিরাইটের মেয়াদ। ডিজনি নিজের চরিত্রগুলোকে রক্ষা করার এই আইনি প্রচেষ্টাকে 'মিকি মাউস সুরক্ষা আইন' নামে ডাকা হয়।
ডিউক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অফ দ্য পাবলিক ডোমেইনের পরিচালক অধ্যাপক জেনিফার জেনকিন্স বিবিসিকে বলেছেন, এ এক দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত । আমাদের জন্য এর অর্থ হচ্ছে ২০২৪ সাল থেকে যে কেউ ১৯২৮ সালের সেই আসল কার্টুনগুলোর চরিত্রের অনুলিপি, বিতরণ এবং নতুন কিছু তৈরি করার স্বাধীনতা পাবে।

অধ্যাপক জেনকিন্স বলেন, 'আজকের এই মুহূর্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ নিজেদের ক্যারেক্টারের কপিরাইট মেয়াদ বাড়ানোর জন্য ডিজনি দীর্ঘদিন চেষ্টা করে গেছে। এতোদিন ধরে এই ক্যারেক্টারগুলোকে পাবলিক ডোমেইনে প্রবেশে বাধা দিয়ে আসছে ডিজনি ।
ডিজনির কাছে মিকির কর্পোরেট মাসকটের ট্রেডমার্ক বহাল তবিয়তেই থাকছে। অর্থাৎ জনসাধারণ কীভাবে এই চিত্রগুলো ব্যবহার করতে পারে তার এখনো সীমাবদ্ধ থাকবে।'
'এখনো আমরা এমন পণ্য তৈরি করতে পারবো না, যা ডিজনি বিক্রি করে থাকে', তিনি যোগ করেন।
ডিজনির একজন মুখপাত্র বিবিসিকে বলেন, '১৯২৮ সালে প্রথম মিকি মাউসের আবির্ভাবের পর থেকে জনসাধারণ এই চরিত্রটিকে ডিজনির ট্রেডমার্ক হিসেবে চিনে আসছে । স্টিমবোট উইলি ফিল্মের কপিরাইটের মেয়াদ শেষ হলেও এটা পরিবর্তন হবে না।
এই কপিরাইটের মেয়াদ শেষ হলেও মিকির আধুনিক সংস্করণগুলোর কপিরাইট আমাদের হাতেই থাকছে। মিকি আমাদের গল্প বলার, থিম পার্কের আকর্ষণ এবং পণ্যসামগ্রীতে ওয়াল্ট ডিজনি কোম্পানির বিশ্ব প্রতিনিধি হিসাবে এখনো মুখ্য ভূমিকা পালন করবে। মিকি এবং আমাদের অন্যান্য আইকনিক চরিত্রগুলোর অননুমোদিত ব্যবহারের কারণে ভোক্তারা যেন বিভ্রান্ত না হয়, সেজন্য আমরা কাজ করবো।'
