রাজধানীর চকবাজারের চাঁদনীঘাট এলাকায় ময়লার ডিপোতে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেল চারটার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সোহান মিয়া (২৫) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩নং অঞ্চলের ২৯নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।
তারা আরও জানান, সোহানের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ি হাজীপাড়া গ্রামে। তার বাবার নাম মো. দুলু মিয়া। কামরাঙ্গীরচর রসুলবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি থাকতেন।
সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা সহকর্মী নয়ন মিয়া জানান, ডিপোতে ট্রাক থেকে ময়লা নামানোর সময় ওপর থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে গুরুতর আহত হন সোহান। সেখান থেকে তাকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট চকবাজার থানায় জানানো হয়েছে।
পোস্তগোলা ব্রিজ বন্ধ, আরও বিকল্প দিলো ডিএমপি