হ্যাট্রিক শিরোপায় চোখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। রংপুর চায় প্রথম সুযোগেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে। সোমবার মাঠে গড়াবে বিপিএল ক্রিকেটের প্লে-অফ।
মিরপুর শের-ই-বাংলার সন্ধ্যায় কোয়ালিফায়ারের লড়াইয়ে নামবে কুমিল্লার আর রংপুর। যদিও ভরদুপুরে এলিমিনেটর ম্যাচ খেলবে বরিশাল আর চট্টগ্রাম। দুই ম্যাচ, চার দলের ভাবনা থাকছে প্রতিবেদনে।
দিনের সেরা দুই মুহূর্ত... একদিকে দুই তামিমের বাতচিত, অন্যসময়ে মিলার-সাইফউদ্দিনের খুনসুটি... বছর পাঁচেক আগে এক ওভারে পাঁচ ছক্কা মারা কিলার মিলার বিপিএলে টিমমেইট, তাই চাপ নেই, ফেনী এক্সপ্রেসের চোখে মুখে স্বস্তি...।
লড়াইটা হচ্ছে সিনিয়র আর জুনিয়র তামিমের মধ্যে। চলতি আসরে বরিশালের তামিম ইকবালের রান তিনশো একানব্বই। চট্টলার তানজিদ তামিম কেবল ৯ রান পিছিয়ে। তামিম ইকবাল যে শুধু বড় ব্যাটারই না, বড় মনের ক্রিকেটারও তার প্রমাণ আরও একবার পেলেন ছোট তামিম। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সাহস দিয়ে বিদায় দিলেন।
যদিও, মাঠের ক্রিকেটে কোনো ছাড় নয়। বরিশাল-চট্টগ্রাম এলিমিনেটর ম্যাচ, হারলেই ধরতে হবে বাড়ির পথ। তাইতো, সাউথ আফ্রিকা থেকে টিম ম্যানেজমেন্ট উড়িয়ে এনেছে পাকা ফিনিশার ডেভিড মিলারকে। মুশফিক, রিয়াদ, সৌম্য, মিরাজ ভারসাম্যপূর্ণ দল বরিশাল... আর চট্টলাকে আত্মবিশ্বাসী করছে রাউন্ড রবিন লিগের ফল। আগের দুই দেখাতেই বন্দরনগরীর কাছে হেরেছে তিন পাণ্ডবের দল।
সোমবার ফ্লাড লাইটের নিচে দুই হেভিওয়েটের লড়াই। গেলো দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা, সোহান সাকিবদের রংপুর এক নম্বর হয়েই প্লে-অফে এসেছে।
রাসেল, নারিন, মইন আলীর সঙ্গে কোয়ালিফায়ার ম্যাচের আগে যোগ দিয়েছেন আফগান চায়নাম্যান নুর আহমেদ। মিরপুরের পিচে তার ভ্যারিয়েশন বড় ভয়ের হতে পারে সাকিবদের জন্যে।
দেশি-বিদেশি মিলিয়ে রংপুর কম নয়। ব্যাটে বলে ছন্দে ফিরে সাকিব আছেন টুর্নামেন্ট সেরার রেইসে। মোহাম্মদ নবীও ফিরেছেন রাইডারদের তাবুতে।
চট্টলায় মাথায় আঘাত পাওয়া মোস্তাফিজ এখনো প্র্যাকটিসেই ফেরেননি। প্লে-অফে কি কাটার মাস্টারের সার্ভিস মিলবে লিটনদের?
বিপিএলে এসে মিলার জানালেন, শিগগির বিয়ে করছেন