নির্বাচন এবং সরকার গঠনের প্রক্রিয়া শেষে পাকিস্তানের রাজনীতিতে, এবার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদের দখল নেবার পালা। তারই ধারাবাহিকতায় শনিবার, ইমরান খানের পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান মাহমুদ খান আচাকজাইকে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। তিনি লড়বেন আসিফ আলি জারদারির বিরুদ্ধে।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ ও দ্য ডন জানিয়েছে, পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির বিরুদ্ধে সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে লড়াইয়ের জন্য এসআইসি এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। পরে পিটিআই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান আচাকজাইয়ের মনোনয়ন নিশ্চিত করেন।
আচাকজাই বেলুচিস্তানের কিলা আবদুল্লাহ-কাম-চমনের এনএ-২৬৬ আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তার দলের নব নির্বাচিত সদস্যদের প্রবীণ এই রাজনীতিবিদকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

পিপিপির কো-চেয়ারম্যান এবং দলীয় প্রধান বিলওয়াল ভুট্টোর বাবা আসিফ আলি জারদারি পিএমএল-এন ও অন্যান্য রাজনৈতিক দলের যৌথ প্রার্থী। তারা কেন্দ্রীয় সরকার গঠনের জন্য জোটের অংশ হিসেবে কাজ করছে। সেই সরকারের প্রধান হিসাবে জোটের প্রার্থী হয়েছেন নওয়াজের ভাই শাহবাজ শরীফ।
শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন ৯ মার্চ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য শনিবার দুপুরের পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে ৪ মার্চ। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৬ মার্চ।
ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন ১২ দেশের ২০০ এমপি