বাগেরহাটে ট্রাক চাপায় একটি ইঞ্জিনচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৯ বছর বয়সের তরুণ ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল পৌনে আটটার দিকে জেলার রামপাল উপজেলার চেয়ারম্যান মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং একই উপজেলার গাববুনিয়া কুমলাই গ্রামের মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান শেখ জানান, খুলনাগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সাফায়েত হোসেন (১৯) নামে চালককে ট্রাকসহ আটক করা হয়েছে। এব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
