নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি কিরিচ, একটি রাম দা ও একটি তালার ভাঙ্গার কাটার ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ডাকাতরা হলো আন্তঃজেলা ডাকাতল দলের সর্দার ও মূল পরিকল্পনাকারী ইব্রাহিম, সেলিম, সোহাগ, আমির হোসেন, নবীর হোসেন ও মোবারক হোসেন।
বুধবার বিকেলে গ্রেপ্তার ডাকাতদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে তাদেরকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মালেকের মাঝির টিনসেড ঘর থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের সদস্যরা নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্টে ও ধর্মপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মালেকের মাঝির টিনসেড ঘরে অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এরা বিভিন্ন জায়গা থেকে এসে একটি নির্দিষ্ট জায়গায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একত্রিত হয়ে পরিকল্পনা অনুযায়ী ডাকাতি করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতদল জানিয়েছে, স্থাণীয় ব্যবসায়ী নাজিম উদ্দিনের বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেপ্তার ডাকাতদলের সর্দার ইব্রাহিমের বিরুদ্ধে দুইটি মামলা ও সেলিমের বিরুদ্ধে দশটি মামলা রয়েছে।
