একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে প্রথমবারের মতো কাল চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন ‘ভয়ংকর সুন্দর’ নায়িকা আশনা হাবিব ভাবনা।
কান সমুদ্র সৈকত পারে দাঁড়িয়ে একাত্তর টিভির সাথে কথা বলেছেন তিনি। এই উৎসবে যোগ দিতে পেরে খুবই উচ্ছ্বসিত ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকেই কানের লাল গালিচায় হাঁটার ইচ্ছে ছিলো তার। তা পূরণ হলো বলে জানান তিনি।
শুধু কান নয়, যেকোন চলচ্চিত্র উৎসব একজন শিল্পী ও সিনেমাপ্রেমীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে বিভিন্ন পরিচালক ও প্রযোজকের সাথে পরিচিত হওয়া যায়, নিজ দেশের চলচ্চিত্র ও কাজ নিয়েও কথা বলা যায়। এক কথায় অনেক অভিজ্ঞতা হয়।
লাল গালিচায় হাঁটা ও ফিল্ম দেখার পাশাপাশি তিনি কিছু শিখতে, জানতে এবং মূলত কাজের ক্ষেত্রে তার নেটওয়ার্ক বাড়াতে সেখানে গিয়েছেন। একেক দিন একেক রকম পোশাক পরবেন বলে স্যুটকেস ভরে নিয়ে গেছেন বাহারি সব ডিজাইনের পোশাক।
প্রথম দিন পরেছেন জামদানি আর আজকে কালোর উপর জমকালো জংলি ফুলের পোশাকে নজর কেড়েছেন সবার। তৃতীয়দিন পরবেন বেনারসী গাউন।
ভাবনা খুব আনন্দ ও গর্বের সাথে বলছেন যে, তিনি সেখানে একাই গেছেন। অর্থাৎ তার নিজ যোগ্যতা ও চেষ্টায়। কোনো পরিচালক বা প্রযোজকের সাথে কান উৎসবে তিনি যান নি। তবে আশা রাখছেন পরবর্তীতে তার সিনেমা নিয়ে বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই জমকালো উৎসবে যোগ দেবেন।
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ১৬০ দেশের ৩৫ হাজার চলচ্চিত্রজন যোগ দিয়েছেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপের সম্মানজনক স্বর্ণপাম জয়।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় ফ্রান্সের কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। এই উৎসবে প্রতিযোগিতায় লড়ছে ২২টি সিনেমা।
