করোনা মহামারী রুখতে বিশ্বজুড়ে টিকাকরণ কার্যক্রম জোরদার করা হলেও কমছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ হাজার ৪৬৪ জন। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪২ লাখ ১৪ হাজার ৯৭৬ জনে।
শুক্রবার (৩০ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬১ হাজার ৪৭০ জন। বিশ্বজুড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৮৯ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৬৫৬ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ২৭২ জন এবনং মারা গেছেন ছয় লাখ ২৮ হাজার ৪৯২ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৫৪ জন।
করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৫ লাখ ৭২ হাজার ৩৪৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ২৩ হাজার ২৪৪ জনের। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৭৪ লাখ তিন হাজার ৯৭২ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩৬৯ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৮৫ লাখ ৬৯ হজার ৯৯১ জন। দেশটিতে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ৬২৬ জনের।
আরও পড়ুন: নামাজে ইকামত দেওয়ায় হামলা, নিহত এক
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে এক হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৪৭৯ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৩১ হাজার ২০৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৯০ হাজার ৫৫২ জনের।
আক্রান্তের তালিকার শীর্ষে থাকা বাকি পাঁচ দেশের মধ্যে, রাশিয়ায় ৬২ লাখ ১৮ হাজার ৫০২ জন, ফ্রান্সে ৬০ লাখ ৭৯ হাজার ২৩৯ জন, যুক্তরাজ্যে ৫৮ লাখ এক হাজার ৫৬১ জন, তুরস্কে ৫৬ লাখ ৮২ হাজার ৬৩০ জন এবং আর্জেন্টিনায় ৪৯ লাখ পাঁচ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া কলোম্বিয়া, স্পেন, ইতালি, ইরান, জার্মানি ও ইন্দোনেশিয়ায় বাড়ছে করোনা সংক্রমণ।
একাত্তর/আরবিএস
