ওয়াজের নামে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মামলায় আলোচিত ইসলামী বক্তা মো. আমির হামজা ও হারুন ইজহারসহ ছয় জনকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল।
এছাড়া কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগ ২০২১ সালে পাঁচ মে গ্রেপ্তার আবু সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত।
তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ওই দিন শেরে বাংলা নগর এলাকা থেকে আটক করে। সেই দিন ডিএমপি জানিয়েছিল, সাকিব আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।
সোমবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ আদেশগুলো দেন।
সন্ত্রাসবিরোধী আইনে অব্যাহতি পাওয়া অন্যরা হলেন- মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন।
আদালত সূত্র জানায়, এদিন আসামিরা আদালতে হাজিরা দেন। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তাদের পক্ষে অ্যাডভোকেট আল মামুন রাসেলসহ বেশ কয়েকজন আইনজীবী তাদের মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আদালত এ মামলায় চার্জশিটভুক্ত এ ছয় আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

মামলা সূত্রে জানা যায়, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের পাঁচ মে শেরেবাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এ মামলায় আল সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
এছাড়া অভিযোগ করা হয়, হামির হামজা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদমূলক প্রচার চালিয়ে আসছিলেন। তার উগ্রবাদী প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আবু সাকিবসহ অন্যরা।
ঢামেকে চিকিৎসকদের ওপর হামলায় যুবক গ্রেপ্তার
স্পিকারের পদ থেকে শিরীন শারমিনের পদত্যাগ