রাশিয়ার পশ্চিমাঞ্চলের কামচাটকায় ১৩ আরোহী ও তিনজন ক্রু নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন সাতজন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির জরুরি বিভাগের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমআই-৮ হেলিকপ্টারটি কামচাটকার দক্ষিণে একটি লেকের কাছে বিধ্বস্ত হয়।
স্থানীয় জরুরি বিভাগ জানিয়েছে, ভিটাজ-এরো কোম্পানির হেলিকপ্টারটি মস্কো এবং পিটার্সবুগ থেকে ১৩ জন পর্যটক নিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় সেটি লেকের ওপর আছড়ে পড়ে।
আরও পড়ুন: এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ
বিধ্বস্ত হেলিকপ্টারের দুই ক্রুসহ নয়জন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কামচাটকার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ঠিক কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত করে জানায়নি দেশটি।

উল্লেখ্য, মস্কো থেকে ছয় হাজার কিলোমিটার পূর্বে এবং আলাস্কার দুই হাজার কিলোমিটার পশ্চিমে অবস্থিত কামচাটকা উপদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষনীয় এক স্থান। প্রতি বছর কয়েক হাজার পর্যটক এ অঞ্চলে আসেন।
চলতি বছরের জুলাই মাসে কামচাটকায় ২৮ জন যাত্রী নিয়ে আরও একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে এবং ওই ২৮ জন যাত্রীর সকলের মৃত্যু হয়।
ছবি- প্রতীকী।
একাত্তর/আরবিএস
