সুনামগঞ্জে একটি ভুল বোঝাবুঝি ও তার অবসানের পরও দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (২৪ মার্চ) বিকেল তিনটার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে পিঠাপশী ও ঘোড়াডুম্বুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের কারণ হিসেবে স্থানীরা জানিয়েছেন, শনিবার (২২ মার্চ) রাতে ঘোড়াডুম্বুর গ্রামের লেগুনা চালক ফখরুল ইসলামের ১৫ মাসের এক শিশু গুরুতর অসুস্থ হয়। তাকে চিকিৎসার জন্য রাতেই গাড়ি নিয়ে বের হন ফখরুল। এসময় তার সঙ্গে মা ও স্ত্রী ছিলেন। অসুস্থ শিশুকে নিয়ে উদ্বিগ্ন নারীরা গাড়িতে কান্নাকাটি করেন। এতে পিঠাপশী গ্রামের কয়জন যুবক তাদের অপহরণকারী হিসেবে সন্দেহ করে এবং তাদের আটকে রাখে। পরে বিষয়টি বুঝতে পেরে তাদের ছেড়ে দেওয়া হয়।
কিন্তু সোমবার দুপুরে পিঠাপশী গ্রামের হেলাল আহমদ ঘোড়াডুম্বার গ্রামে গেলে তাকে আটকে রাখে ওই গ্রামের লোকজন। এ খবর পাঁচ কান হলে পিঠাপশী গ্রামে উত্তেজনা ছড়িয়ে পরে। এ নিয়ে দুপুর দুইটায় সংঘর্ষে জড়ায় উভয় গ্রামের লোকজন।
তারা জানান, আহতদের চিকিৎসার জন্য স্থানীয় কৈতক হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকরাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মামলা হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
২৮ ঘণ্টা পুড়লো সুন্দরবন, তেইশের সিলার আগুন নিয়ন্ত্রণে