বিশ্বজুড়ে মার্কিন হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ, শুধু খুশি ইসরাইল

আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:২৯ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আকস্মিক সামরিক হামলায় বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েড়েছে। এই হামলার ঘটনায় গভীর জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, তুরস্ক, রাশিয়া, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ। সেই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ এ হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা’ বলে আখ্যা দিয়েছে। তবে, ইসরাইল এই হামলাকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছে।

ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন। হামলার নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে অবিলম্বে ইরান-ইসরাইল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

চীন সব পক্ষ- বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বেইজিং বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এক সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।

ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও অভিহিত করেছে মস্কো। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দিয়েছে।

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির প্রধান লিওনিদ বলেন, এই উত্তেজনার ফলাফল শুধু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ওয়াশিংটন জানে, তেহরানের জবাব অবধারিত। এসব কিছু সংঘাতের চক্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

রোববার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় এবং এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে আরও বলা হয়, উত্তেজনা পরিহার করে সংকট নিরসনে সব ধরনের প্রচেষ্টা চালানো উচিত।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছেন। এক্সে এক পোস্টে এই হামলাকে চলমান সংঘাতের তীব্রতার ‘ভয়াবহ বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, এখন সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার বড় ঝুঁকি তৈরি হয়েছে।

এর ফলে বেসামরিক নাগরিক, মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি হতে পারে বলে পোস্টে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। তার পোস্টে তিনি আরো লেখেন, এই মুহুর্তে ‘শুধুমাত্র কূটনীতির মাধ্যমে’ এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

তুরস্ক সতর্ক করে বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ইরান-ইসরাইল সংঘাতকে একটি বৈশ্বিক সংঘাতে রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করেছে, যার পরিণতি ‘বিপর্যয়কর’ হতে পারে।

সংযুক্ত আরব আমিরাত এ অঞ্চলে গুরুতর পরিণতি এড়াতে দ্রত উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ অঞ্চলকে অস্থিতিশীলতার নতুন মাত্রায় নিতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটির আয়োজক দেশ কাতার এই হামলার পর গুরুতর পরিণতির আশঙ্কা প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার মধ্যস্থতাকারী দেশ ওমান মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, সালতানাত এই হামলার ফলে সৃষ্ট উত্তেজনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।

ইরাক সতর্ক করে বলেছে, প্রতিবেশী দেশ ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। দেশটির সরকারি মুখপাত্র বলেছেন, এই সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।

মিশর ইরানের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, ক্রমবর্ধমান উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সব রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করা এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাকিস্তান এক বিবৃতিতে জানায়, তারা ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, “আমরা এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনায় গভীরভাবে উদ্বিগ্ন। এই হামলা আন্তর্জাতিক আইনের সকল নীতিমালার লঙ্ঘন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী ইরানের আত্মরক্ষা করার বৈধ অধিকার রয়েছে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, “বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং সংকট নিরসনে অবিলম্বে উত্তেজনা প্রশমন, সংলাপ ও কূটনীতির পথে হাঁটার জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি কমাতেই পদক্ষেপ নিয়েছে। তবে তিনি সংকট নিরসনে ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া উচিত নয়, তবে আমি সব পক্ষকে উত্তেজনা পরিহার করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাই।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স সকল পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কূটনীতিই সামরিক পদক্ষেপের চেয়ে দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, আমরা আশা করি, এই হামলার পর উত্তেজনা হ্রাস পাবে এবং ইরান আলোচনার টেবিলে বসতে রাজি হবে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্র কি ইরানে তার ইরাক ভুলের পুনরাবৃত্তি করছে? এক প্রতিবেদনে বলা হয়, ইতিহাস বারবার দেখিয়েছে যে মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী সংঘাত এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত করা অত্যন্ত জরুরি। একইসঙ্গে ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়নও অবশ্যই প্রতিরোধ করতে হবে। তিনি জানান, এই অঞ্চলে থাকা জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, মার্কিন হামলার নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব এবং এর প্রতিক্রিয়ায় করণীয় নির্ধারণ করতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া এই সংঘাতের কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে। দেশটির এক সরকারি কর্মকর্তা বলেন, “আমরা উত্তেজনা প্রশমন, সংলাপ এবং কূটনীতির আহ্বান জানাচ্ছি।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আপনার সাহসী সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে। যুক্তরাষ্ট্র এমন কাজ করেছে, যা পৃথিবীর অন্য কোনো দেশ করতে পারত না।

জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ প্রেসিডেন্ট ট্রাম্প প্রমাণ করেছেন যে আর কখনো নয় শুধু একটি স্লোগান নয়, এটি একটি নীতি।

রিপাবলিকানদের প্রশংসা: কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। সিনেটর লিন্ডসে গ্রাহাম এটিকে ‘চমৎকার কাজ’ বলে অভিহিত করেছেন। সিনেটর জন কর্নিন বলেছেন, এটি একটি ‘সাহসী ও সঠিক সিদ্ধান্ত’।

ডেমোক্র্যাটদের ভিন্নমত ও সমর্থন: ডেমোক্র্যাট দলের অনেকেই হামলার সমালোচনা করলেও পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান হামলার প্রশংসা করে বলেন, এটি প্রেসিডেন্টের নেওয়া সঠিক পদক্ষেপ। ইরান বিশ্বের প্রধান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক এবং তাদের পারমাণবিক সক্ষমতা থাকতে পারে না।

সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন: অনেক আইনপ্রণেতা কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন হামলার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস মেসি বলেছেন, “এটি সাংবিধানিক নয়।” হাউজ ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জিম হাইমস বলেন, সংবিধান অনুযায়ী, বোমা ফেলার আগেই এই বিষয়ে আমাদের দৃষ্টি দেওয়া উচিত ছিল।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর