কক্সবাজারে এক মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির দায়ে তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। মামলার বাদী মার্কিন নাগরিক নারী স্বামীর চাকরিসূত্রে কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকায় বসবাস করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাওহীদুল আনোয়ার জানান, গত ১০ মার্চ সকালে প্রাতঃভ্রমণে বের হলে সার্কিট হাউস এলাকায় আসামি তারেক ভুক্তভোগীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ ঘটনায় পরদিন ওই নারী কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। দুই দিন পর পুলিশ অভিযোগপত্র জমা দেয়।
পরবর্তী বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।
সিলেটে এক গ্রাম থেকে তিন লাখ ঘনফুট পাথর উদ্ধার