জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় বেরোবি'র সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে।
সাক্ষী হাজির না হওয়ায় এই মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ তিনবার পিছিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে আজ ১০ নভেম্বর দিন ধার্য করা হয়।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় আবু সাঈদকে গুলি করার দায়ে কনস্টেবল আমির, সুজনসহ ছয় আসামি গ্রেপ্তার রয়েছেন। অন্যদিকে বেরোবি'র সাবেক ভিসিসহ ২৪ আসামি পলাতক রয়েছেন।

এছাড়াও আজ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আজ পঞ্চম দিনের মতো সাক্ষ্য দেবেন সাক্ষীরা। এই মামলায় গ্রেপ্তার আসামি এসআই চঞ্চল চন্দ্র সরকারকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেলো বছর আন্দোলন যখন সারাদেশে ছড়িয়ে পড়েছিলো, তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ।
২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাঈদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে, সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন।
রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
বায়ুদূষণে আজ বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
ঝুঁকি বিবেচনায় তিন জোন, বিভিন্ন বাহিনী মোতায়েন পরিকল্পনা