বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় 'মা-বাবার আর্শিবাদ-১২' নামের একটি ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে তাদেরকে আটক করে মোংলা কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন অফিসার লেঃ এম মামুনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখা যায়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই ট্রলারটিকে জব্দ করে।
আরও পড়ুন: জাপানে করোনার 'মিউ' ধরণ শনাক্ত
তিনি আরও জানান, ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের কলকাতায়। ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় আনা হচ্ছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মোংলায় আনার পর তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করবে কোস্ট গার্ড।
এর আগে গত ৮ আগস্ট ওই একই এলাকা থেকে আরও ১৩ ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করে মোংলা কোস্ট গার্ড।
একাত্তর/আরবিএস
