দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬১ জন মারা গেছেন। একদিনে মৃত্যুর হিসেবে এটি সর্বশেষ ৮০ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ১৬ জুন করোনায় ৬০ জন মারা গিয়েছিলেন। অপরদিকে প্রায় তিনমাস পর দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে।
গত ২৪ ঘন্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করে দেশে এক হাজার ৭৪৩ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্ত রোগীর হার ৯ দশমিক ৮২ শতাংশ, যা ৩ জুনের পর সর্বনিম্ন।
দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৪২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার তিন জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৬১ জনের মধ্যে পুরুষ ৩০ জন, আর নারী ৩১ জন। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।
এছাড়া বিভাগ অনুযায়ী হিসাবে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৩২ জন, চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ২, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
আরও পড়ুন: স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস
মৃতদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয়জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন দুইজন।
গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে।
দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। এরপর থেকে আজ (৪ সেপ্টেম্বর) টানা ৮ দিন ধরে মৃত্যু ১০০ এর নিচে রয়েছে।
একাত্তর/এসি
