চীনা নাগরিকের ‘অন অ্যারাইভাল ভিসা’ ভোগান্তি নিয়ে একাত্তর টেলিভিশনের ওয়েবসাইটে ‘অন অ্যারাইভাল ভিসা’ সম্পর্কিত একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সরেজমিনে বিষয়টি পরিদর্শন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘অন এরাইভাল ভিসা’ সেন্টারে গেছেন।
অভিযোগের ভিত্তিতে এই পরিদর্শন পরিচালনা করা হয়েছে যাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগগুলো ‘অন অ্যারাইভাল ভিসা’ প্রক্রিয়ার বাস্তব কার্যক্রম, সময় লাগা ও যাত্রীদের ভোগান্তি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করতে পারে।
সংশ্লিষ্ট সূত্র একাত্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি এক চীনা ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উল্লেখ করেছিলেন যে ‘অন অ্যারাইভাল ভিসা’ নিতে ঢাকায় পৌঁছানোর পর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং প্রক্রিয়া অদক্ষ হওয়ায় বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীদের ভোগান্তি বাড়ছে। এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
পরে এনিয়ে একাত্তরে সংবাদ প্রচারের পর সরকারের একজন শীর্ষ নির্বাহী প্রতিনিধি হিসেবে লূৎফে সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বসে বিস্তারিতভাবে সমস্যাগুলো আলোচনা করেন। তিনি বিদেশি নাগরিকদের সুবিধাজনকভাবে ভিসা প্রদান, অপেক্ষা সময় কমানো, ও প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আত্মবিশ্বাস ও সেবা মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের সরেজমিন পর্যবেক্ষণ ও সমাধান-উন্মুখ উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিদেশি বিনিয়োগে আগ্রহী হলে এতো ভোগান্তি কেনো, বাংলাদেশ নিয়ে চীনা ব্যবসায়ীর পোস্ট ভাইরাল