ফিলিস্তিন ইস্যুতে জেদ্দায় আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির বৈঠকের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এসব বৈঠকে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন ও গাম্বিয়ার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকগুলোতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা সাধারণ নির্বাচনে বিশাল জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।
তারা আশা প্রকাশ করেন যে, তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অবস্থানের প্রশংসার পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন বিশ্বনেতারা।
বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের স্মৃতি চারণ করেন এবং জানান যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছেন।
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটে তুরস্কের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ডক্টর খলিলুর রহমান এবং রমজানের পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. এলখেরিজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান এবং সৌদি ‘ভিশন ২০৩০’ -এর আওতায় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভারসেন ওহানেস ভার্টান আগাবেকিয়ানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার ভূমিকার প্রশংসা করা হয় এবং আগামী এপ্রিলে বাগদাদে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বিশেষ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
এসব গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মোল্লা ফরহাদ হোসেন এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম.জে.এইচ. জাবেদ উপস্থিত ছিলেন।
দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী