মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করার পর তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যতদিন প্রয়োজন ততদিন হামলা চালিয়ে যেতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নেই।
মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগছি এই হুঁশিয়ারি দেন।
আব্বাস আরাগচি বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। আমাদের যতদিন প্রয়োজন এবং যতদিন এই পরিস্থিতি চলবে, ততদিন আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে যাওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এখন আর তাদের আলোচ্যসূচিতে নেই। এর কারণ হিসেবে তিনি বলেন, আমেরিকানদের সাথে আলোচনার ব্যাপারে আমাদের অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
তিনি উল্লেখ করেন যে, গত জুন মাসে এবং বর্তমানেও ইরানের ওপর মার্কিন হামলাগুলো এমন সময়ে চালানো হয়েছে যখন দুই দেশের মধ্যে আলোচনা চলছিল কিন্তু তা সফল হয়নি।
আরাগচি বলেন, আমেরিকানদের সাথে কথা বলা আর আমাদের তালিকায় আর নেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে, যুদ্ধের শুরুর দিনগুলোতে ইরান সরকারের পতন বা ‘রেজিম চেঞ্জ’ করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ব্যর্থ হয়েছে।
তিনি বর্তমানে মার্কিন ও ইসরাইলি বাহিনীর কার্যক্রমকে ‘লক্ষ্যহীন’ বলেও অভিহিত করেন।
গত ১০ দিন ধরে চলা এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি তেলের বাজারেও।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯১ ইসরাইলি