রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় একটি বাসা থেকে আটক জঙ্গি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)। দুর্ধর্ষ এই জঙ্গি ১৭ বছর ধরে পলাতক বা আত্মগোপনে ছিলেন।
তার নাম ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার। সম্প্রতি ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় চারজন জঙ্গি আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসিলায় এই অভিযান শুরু হয়। ময়মনসিংহে যে শীর্ষ নেতার কথা জানিয়েছিল র্যাব সেই ইমদাদুলই এই বাড়িতে বসবাস করছিল।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিং-এ এসব কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, ২ সেপ্টেম্বর এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার প্রিন্টিং প্রেসের কর্মচারি পরিচয়ে বসিলার ওই বাসার দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নেন। বাসাটিতে তিনি একা উঠলেও আরও ২/৩ জনের যাতায়াত ছিল বলে জানায় বাসার দারোয়ান।
আরও পড়ুন: বসিলায় জঙ্গি আস্তানা: অভিযানে বোমা উদ্ধার, আটক এক
ইমদাদুল হক এক সপ্তাহের মধ্যে তার পরিবার নিয়ে বাড়িটিতে উঠবে এবং সেসব জাতীয় পরিচয় পত্র সহ অন্যান্য তথ্য প্রদান করবে বলে পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়ে বাড়িটিতে উঠেন।
কমান্ডার খন্দকার আল মঈন আরও জানান, এমদাদুল হককে গ্রেপ্তারের উদ্দেশ্যে এর আগে রাজশাহী ও ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান পরিচালনা করা হয়। তিনি বারবার তার অবস্থান পরিবর্তন করছিলেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজকের অভিযানে তাকে আটক করা হয়।
.png)
উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জাম
অভিযানে ফ্ল্যাটটি থেকে জিহাদি বই, আনুমানিক তিন লাখ টাকা পরিমাণ টাকা, বোমা প্রস্তুতের জন্য রাসায়নিক দ্রবাদি, একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি, দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকের চারটায় র্যাবের পক্ষ থেকে জঙ্গি এমদাদুল হক সম্পর্কে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে বলেও জানান খন্দকার আল মঈন।
এর আগে বৃহস্পতিবার ভোর থেকে মোহাম্মদপুরের বসিলায় একটি বাড়ি ঘিরে রাখে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের একটি দল।
একাত্তর/আরএইচ
