দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ছয়জন হামে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৮৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে পরীক্ষার পর ৬৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে। এছাড়া এই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩২০ জন।
সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এই বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ১৭১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪১ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে মারা গেছেন ১৪৩ জন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং শিশুদের সময়মতো টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী