নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে স্বামী ও দেবরের হাতে বিবি আমেনা (৩০) নামের এক গৃহবধূ বর্বরোচিত কায়দায় নির্যাতনের শিকার হয়। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে ইন্টারনেট জুড়ে।
রোববার ১২ সেপ্টেম্বর এ ঘটনায় জড়িত গৃহবধূর স্বামী আমির হোসেনকে (৪০)সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

আটক আমির হোসেন সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মোহাম্মদীয়া মিয়া বাড়ির মৃত মফিজের ছেলে।
জানা যায়, গৃহবধূ বিবি আমেনাকে নিজ বাসার সামনে নির্যাতন করেন তার স্বামী আমির হোসেন ও দেবর এরশাদ। এক প্রতিবেশী মারধর করার ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়। ঘটনাটি সেনবাগ থানা পুলিশের নজরে এলে স্বামী আমির হোসেনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: ক্লাস শুরুর অনেকে আগেই স্কুলে হাজির শিক্ষার্থীরা
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর স্বামী আমির হোসেন থানাহাজতে রয়েছেন। অন্যদিকে দেবর এরশাদকে আটক করতে অভিযান অব্যাহত আছে। নির্যাতিত গৃহবধূ তার বাবার বাড়িতে থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণে বিলম্ব হচ্ছে।
একাত্তর/এসএ
