চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে সাতজনকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রামীণ কর্ম-গাক (গাক) কর্তৃক সরবরাহ করা স্কুল ফিডিংয়ের রুটি ও ডিম খাওয়ার পর একে একে সাত থেকে আটজন শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে সাতজনকে ভর্তি করা হয়। অসুস্থ শিশুরা চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন ছাত্র ও চারজন ছাত্রী।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, প্রাথমিকভাবে ফুড পয়জনিং থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি জানান, রাজশাহী বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে অবস্থানকালে বিষয়টি জানতে পারেন। পরে তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন এবং দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে গাক-এর চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়কারী কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন এবং টাঙ্গাইল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার পর এ বিষয়ে বলা সম্ভব হবে বলে জানান তিনি। তবে এ সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান তিনি।
এর আগেও তাদের খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়েছে এবং কেন এমন ঘটছে—জানতে চাইলে তিনি সংযোগটি কেটে দেন।
এর আগেও চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুরে এমন ঘটনা ঘটে। বিভিন্ন স্কুলে এই খাবার খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছিল। নষ্ট ও পচা খাবার সরবরাহের জন্য প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে পরপর বিস্ফোরণ, বোমাসদৃশ বস্তু উদ্ধার
দিল্লিতে বহুতল ভবন ধসে নিহত এক, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শিক্ষার্থী