স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির ঊর্ধ্বতন এক সূত্র।
লাইসেন্স নবায়নবিহীন রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক সম্পাদনসহ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে নমুনা পরীক্ষা ও করোনা চিকিৎসার খরচ বাবদ ৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাত বিশেষভাবে উল্লেখযোগ্য।
এর আগে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর দায়ের করা মামলায় সাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তাসহ পাঁচজনকে আসামি করা হলেও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের নাম আসামির তালিকায় ছিল না। এবারের চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থাটির উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: স্বাস্থ্যের সেই আব্দুল মালেকের ৩০ বছরের সশ্রম কারাদণ্ড
মামলার অভিযুক্তরা হলেন রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো.শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।
একাত্তর/টিএ
