নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় আলাদা দুটি স্থানে গুলিবিদ্ধ হয়ে অন্তত দুইজন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দিনে ও রাতে ঘটা এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বর্তমানে আশঙ্কামুক্ত।
স্থানীয়রা জানান, শনিবার রাতে সোনাইমুড়ী উপজেলার ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ জামাল উদ্দিন। রাত দশটার দিকে কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি বাম পা ও উরুতে গুলিবিদ্ধ হন।
এর আগে শনিবার বিকেলের দিকে বেগমগঞ্জে কামরুল হাসান (২৪) নামের এক তরুণকে গুলি করে তার মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পেশায় দর্জি কামরুলের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে গুলি ছোড়ে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয় ঘটনার মূল কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
