সরকার সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ -এর প্লেনারি সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখার পাশাপাশি বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ দিন অর্থাৎ ১২ নভেম্বর তিনি কপ ৩১–এর প্লেনারি সেশনে বক্তৃতা দেবেন। বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ুর স্বয়ংক্রিয় পুনর্গঠনে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন তিনি।
তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পররাষ্ট্র সচিব জানান, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের উপরাষ্ট্রপতি এবং উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিশ্চিত হয়েছে। পাশাপাশি বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সচিবালয়ের প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নিতে পারেন।
এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা সহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সরকার আশা করছে, এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সম্ভাবনা তৈরি হবে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, সামরিক অর্থনৈতিক জোনে তুরস্কের অর্থায়নের বিষয়টি মূলত সামরিক সহযোগিতার অংশ। তবে এটি কোথায় এবং কীভাবে নির্দিষ্টভাবে বাস্তবায়িত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও উদ্যোগ সম্পর্কে জানানো হয়, সম্মেলনে পরিবেশবান্ধব পণ্যের প্রসারে ভূমিকা রাখবে বাংলাদেশ। কপ-৩১–এর ‘গ্রিন জোনে’ বাংলাদেশ একটি ‘জুট প্যাভিলিয়ন’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।
এই সম্মেলন চলাকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসারসংক্রান্ত একটি যৌথ ঘোষণা গৃহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান সচিব।
অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সম্মেলনে ‘ব্লু জোনে’ আগামী ১২ ও ১৩ নভেম্বর দুটি বিশেষ সাইড ইভেন্ট আয়োজিত হবে। এই অনুষ্ঠানগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পলিমারজাত পণ্যের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর বিষয়টি তুলে ধরা হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির বিষয়ে সচিব বলেন, বাংলাদেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং এর নানামুখী হিসাব বা এস্টিমেট রয়েছে। এসব তথ্য বিশ্বসভায় তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়, যা দেশের জন্যই অনুকূল।
এদিকে, রয়টার্সের সংবাদের সূত্র ধরে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিওপি-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে ঢাকার অবস্থান আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের নানা প্রচেষ্টা ও সাফল্য বৈশ্বিক দরবারে তুলে ধরার পথ উন্মুক্ত হবে।
