আশুলিয়ায় কারখানা বন্ধের নোটিশে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করা এবং নিউ এজ গ্রুপের তৈরিপোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শুরু হওয়া এই বিক্ষোভ আন্দোলন একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত দুজন শ্রমিক রাবার বুলেটে বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শ্রমিক, পুলিশ ও শ্রমিক নেতাদের সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিনের চাপা ক্ষোভ ও অসন্তোষের পর মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এজ গ্রুপের কারখানাগুলোর ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় মালিকপক্ষ। সকালে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দিতে এসে নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

একপর্যায়ে তারা ক্ষোভে আশপাশের অন্যান্য কারখানার সামনে গিয়ে ভেতরের শ্রমিকদের কাজ বন্ধ রেখে বের হয়ে আসার আহ্বান জানান। এতে মুহূর্তের মধ্যেই নিশ্চিন্তপুর ও আশপাশের এলাকাগুলোতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিশ্চিন্তপুর থেকে ছয়তলা এলাকা পর্যন্ত বেশ কিছু তৈরি পোশাক কারখানা তাৎক্ষণিকভাবে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

কারখানা ছুটি ঘোষণার পর হাজার হাজার শ্রমিক একজোটে মিছিল নিয়ে বের হন এবং একপর্যায়ে ব্যস্ততম ‘আব্দুল্লাহপুর-বাইপাইল’ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায়।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলা এড়াতে অন্তত ২০টি পোশাক কারখানায় দিনের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সড়কের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে ধাওয়া-পাল্টাধাওয়া চললেও জামগড়া এলাকার অন্তত দুটি কারখানার শ্রমিকেরা পুনরায় তাদের কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

একাত্তর/এআরএস
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। ধর্মঘটের সমর্থনে বের করা মিছিল থেকে পুলিশের সঙ্গে দফায় দফায়...
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির একটি কর্মসূচির মাইকে হঠাৎ বেজে উঠেছে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গান...
গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকেই নিজস্ব পরিবহন বা হেঁটে নিজ নিজ কর্মস্থলে পৌঁছে কাজে যোগ...
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে তর্কের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তীব্র উসকানি ও অপশাসনের কঠোর সমালোচনা করে ‘সাজেক...
মিডিয়া পাড়ায় চর্চা থামছেই না! সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বিয়ের পিঁড়িতে বেনারসি পরে কনের সাজ, কিন্তু কোমল হাতের মুঠোয় জ্বলজ্বলে পিস্তল- এমনই এক রোমহর্ষক ও রহস্যময় লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল...
পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন শ্রমিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে হাবাস ডেমির চেলিক নামের ইস্পাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর